Cvoice24.com

যমজ দুই শিশুকন্যার মরদেহ বিছানায়, পিলারে ঝুলছিল বাবার লাশ

বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪
২০:২৪, ১৩ নভেম্বর ২০২৬
যমজ দুই শিশুকন্যার মরদেহ বিছানায়, পিলারে ঝুলছিল বাবার লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে সাত মাস বয়সী যমজ দুই কন্যাসন্তানের নিথর দেহ মিলেছে নিজ ঘরের বিছানায়। আর ঘরের পাকা পিলারের সঙ্গে ঝুলছিল তাদের বাবা মো. জাহেদের (৫৫) মরদেহ। 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায় শ্বশুরবাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

নিহত মো. জাহেদ বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম বদিউল আলমের ছেলে। আর নিহত দুই শিশুর নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।

নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, যমজ দুই কন্যাসন্তানের জন্য মানত করায় শুক্রবার দুপুর ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাশের নাপোড়া ভিলেজার পাড়া মসজিদে নামাজ ও দোয়া করতে যান তিনি। যাওয়ার সময় দুই মেয়েকেও সঙ্গে নিতে চেয়েছিলেন আফিয়া। তবে স্বামী জাহেদ তাতে আপত্তি জানান। শিশুদের সঙ্গে নিলে পায়খানা-প্রস্রাব করতে পারে— এমন কারণ দেখিয়ে তাদের বাড়িতে রেখে যেতে বলেন জাহেদ। পরে আফিয়াসহ পরিবারের অন্য সদস্যরা চলে যান।

তিনি আরও জানান, বিকেলে বাড়িতে ফিরে তারা দেখতে পান, ঘরের দরজা-জানালা সব বন্ধ। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে।

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আবুল বশর জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে ঘরের বন্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিছানার ওপর দুই শিশুকন্যার মরদেহ এবং ঘরের পাকা পিলারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাহেদের মরদেহ দেখতে পান।

জাহেদের চাচাতো ভাই কামাল উদ্দিন জানান, বিয়ের পর থেকেই জাহেদ শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তবে কী কারণে তিনি এমন মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা পাওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ কিংবা মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর