আমবাগানে ফুটপাত দখল করে দোকান, ৭ জনকে চসিকের জরিমানা
সিভয়েস২৪ প্রতিবেদক
নগরের খুলশী থানার আমবাগান এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় ৫০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একই অভিযানে ফুটপাতের ওপর ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে সাত ব্যক্তিকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে চসিক। এতে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, 'অভিযানকালে ফুটপাত অবৈধভাবে দখল করে দোকান বসানো এবং সেখানে নির্মাণসামগ্রী রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে প্রায় ৫০টি দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি ফুটপাতের ওপর ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে সাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। '
অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং খুলশী থানা-পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














