চবিতে প্রশাসনের সুপারিশে ছাত্রদলকর্মীদের হলে সিট, তদন্ত চায় শিবির
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে সিট বরাদ্দে রাজনৈতিক পরিচয় ও প্রশাসনিক সুপারিশের প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। ঊর্ধ্বতন প্রশাসনের সুপারিশে বিশেষ বিবেচনায় ছাত্রদলের কর্মীদের সিট দেওয়া হয়েছে দাবি করে এর নিরপেক্ষ তদন্ত ও বরাদ্দ বাতিলের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে চার দফা দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি। এতে সিট বরাদ্দের পুরো প্রক্রিয়া তদন্ত করে প্রতিবেদন প্রকাশ এবং হলের আসন বণ্টনে স্বচ্ছ নীতিমালা অনুসরণের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে ছাত্রশিবির জানায়, গত ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে তারা জানতে পেরেছে, শাহজালাল হলে ঊর্ধ্বতন প্রশাসনের সুপারিশে বিশেষ বিবেচনায় ছাত্রদলের কর্মীদের সিট বরাদ্দ দেওয়া হচ্ছে। এ ধরনের বরাদ্দের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
চার দফা দাবির মধ্যে রয়েছে, বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের পুরো ঘটনা নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন প্রকাশ, নীতিমালা অনুসরণ না করে দেওয়া সিট বরাদ্দ বাতিল, আসন খালি হওয়ার সঙ্গে সঙ্গে হলের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ তালিকা প্রকাশ এবং মেধা ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে আসন বণ্টন।
এ ছাড়া সিট বরাদ্দে রাজনৈতিক পরিচয়, প্রশাসনিক সুপারিশ কিংবা ব্যক্তিগত প্রভাব যেন কোনোভাবেই বিবেচনায় না আসে, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
স্মারকলিপি দেওয়ার সময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদসহ সংগঠনটির শাখা, হল ও অনুষদ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পাস সব খবর















