Cvoice24.com

রামগড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:১২, ১১ নভেম্বর ২০২৬
রামগড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— রামগড় উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আবছার (৪০) ও রামগড় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার তারেক সুমন (৩৭)। 

পুলিশ জানায়, নুরুল আবছার রামগড় পৌরসভার মহামুনি এলাকার ছুট্টি মিয়ার ছেলে। আর আনোয়ার তারেক সুমন পৌরসভার মাস্টারপাড়া এলাকার আবু তাহেরের ছেলে। তারা দুজনেই গত ১০ জুন দায়ের করা একটি জিআর মামলায় মারধর ও হামলার অভিযোগে অভিযুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আনোয়ার তারেক সুমনকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। আর নুরুল আবছারকে একই রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম দুই নেতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুজনকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।