বাঁশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন
প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে শুরু হয়েছে তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ সিজন-২-এর ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতা।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে শেখেরখীল ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাঁশখালীর নাপোড়া উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শেখেরখীল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মো. সাঈদ হোসেন চৌধুরী আরফাত, নাপোড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম বাবুল এবং শেখেরখীল জামায়াতের সেক্রেটারি আব্দুন নুর।
নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ফিফা রেফারি বিটুরাজ বড়ুয়া, মো. জাফর ইকবাল, ক্রীড়া শিক্ষক জুলফিকারুল হক, রুবেল কুমার দে, ক্রিকেট একাডেমির পরিচালক মোহাম্মদ এরশাদ, ক্রীড়া শিক্ষক মাহাবুবুল আলম, আব্দুর রশিদ, ফকরুদ্দিন ও ইসমাইল ফারুক।
প্রতিযোগিতায় শেখেরখীল ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোর শিক্ষার্থীরা অংশ নেয়। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নিয়ে তারা নিজেদের ক্রীড়া নৈপুণ্য ও প্রতিভা তুলে ধরে।
খেলাধুলা সব খবর















