রাজস্থলীতে খেলনা পিস্তল দেখিয়ে ২ লাখ টাকা লুট, গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত
কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলীতে গণপিটুনিতে মো. রফিক (২৩) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়ায় একটি আবাসিক প্রতিষ্ঠানে খেলনা পিস্তল দেখিয়ে দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন তিনি। পরে গণপিটুনিতে গুরুতর আহত রফিককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর সঙ্গে থাকা আরেক ছিনতাইকারী লুটের টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছেন।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে ভেনটিস মিশন হোস্টেলে এ ঘটনা ঘটে। নিহত রফিক বাঙ্গালহালিয়া আবাসিক মুসলিম পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে। পলাতক ছিনতাইকারী মো. আকাশের (২৪) বাড়ি রাজস্থলীর সুফিপুর এলাকায়। তাঁর বাবার নাম মোহাম্মদ আলী করিম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার স্ত্রী হেনা ত্রিপুরাকে খেলনা পিস্তল দেখিয়ে জিম্মি করেন রফিক ও আকাশ। পরে ঘরের আলমারি ভেঙে নগদ দুই লাখ টাকা এবং প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের আংটি নিয়ে পালানোর চেষ্টা করেন তাঁরা।
হেনা ত্রিপুরার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে ধাওয়া করেন। একপর্যায়ে দুটি স্বর্ণের আংটিসহ রফিককে আটক করা সম্ভব হলেও একটি আংটি ও নগদ দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যান আকাশ।
পরে স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত হন রফিক। সন্ধ্যা ৭টার দিকে তাঁকে চন্দ্রঘোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাঁকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
চন্দ্রঘোনা থানার ওসি এসএম সাকের জানান, পলাতক আকাশের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় দায়ের করা একটি চুরির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাহাড় সব খবর














