Cvoice24.com

এবার খাগড়াছড়িতে জিপে আগুন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১১:৫৭, ১০ নভেম্বর ২০২৬
এবার খাগড়াছড়িতে জিপে আগুন

খাগড়াছড়ি পৌর শহরে আবারও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবার পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি হসপিটালের সামনে দাঁড়িয়ে থাকা একটি পুরোনো জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন গাড়িটি পুড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন মালিক মোহাম্মদ শাহীন। তবে কারা এ ঘটনায় জড়িত, তা এখনো শনাক্ত হয়নি।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা জিপ গাড়িটিতে আগুন দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন দেয়। ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান তিনি। এই গাড়ি চালিয়েই পরিবারের ভরণপোষণ করতেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বনটি পুড়ে যাওয়ায় এখন কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এ ঘটনায় তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে গাড়িটির প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জনবহুল এলাকায় এভাবে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এর আগে, শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় বাসটির আসনসহ ভেতরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় বাসটির ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।