হাটহাজারীতে প্রাইভেট কারের ধাক্কায় খাদে দুই অটোরিকশা, শিশুসহ আহত ১০
হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে প্রাইভেট কারের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে দুটি অটোরিকশা। এতে তিন বছরের শিশুসহ ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার (চট্টমেট্রো-গ ১৩-৯৯৩০) চারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় দুই অটোরিকশার যাত্রীরা আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাহাত (২০), নাদিয়া (৩), সাদিয়া (১১) ও রিংকু (২২)–কে চমেক হাসপাতালে পাঠানো হয়।
অন্য আহতরা হলেন সিদরাতুল মুনতাহা (১৪), শামীমা আক্তার (৩৪), শাহাউদ্দিন (৫১), নাঈম (২৬), বাদশা সওদাগর (৭৬) এবং অটোরিকশাচালক ফয়সাল (৩২)। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত সিদরাতুল মুনতাহা জানান, পরিবারের সদস্যদের নিয়ে চমেক হাসপাতাল থেকে চোখের চিকিৎসা শেষে ফটিকছড়ির ভূজপুর থানার নিজ বাড়িতে ফিরছিলেন তাঁরা। পথে চারিয়া এলাকায় একটি প্রাইভেট কার তাঁদের অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি খাদে পড়ে যায়। এতে তাঁরা আহত হন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরুজা খাতুন জানান, আহতদের মধ্যে যাঁদের আঘাত গুরুতর, তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













