Cvoice24.com

মিয়ানমারে সার পাচারের অভিযোগ, মিরসরাই বিএনপি-ছাত্রদলের গ্রেপ্তার ৩

মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:৪৪, ৯ নভেম্বর ২০২৬
মিয়ানমারে সার পাচারের অভিযোগ, মিরসরাই বিএনপি-ছাত্রদলের গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) ভোররাতে উপজেলার ওচমানপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট (৫৭), তার ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত করা ৩১০ বস্তা সার জব্দ করে পুলিশ। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য এবং মুঠোফোনের কললিস্ট বিশ্লেষণ করে সার পাচারের সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে দাবি পুলিশের।

ওই ঘটনার তদন্তের অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের কার্যালয়েও অভিযান চালায় পুলিশ।

জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তার ভাই নুর উদ্দিন আটক ব্যক্তিদের মাধ্যমে সার পাচারের চালান পাঠানোর বিষয়ে যোগাযোগ করেন। পরে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে ট্রাকভর্তি সার মুহুরী প্রকল্পের বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমারে পাঠানোর পরিকল্পনা করা হয়। এ কাজে শওকত আকবর সোহাগসহ স্থানীয় কয়েকজনের সহযোগিতা নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে তদন্তে জানা গেছে।

ওসি আরও বলেন, পুলিশের তৎপরতায় সার পাচারের চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার ভোররাতে অভিযান চালিয়ে মহসিন সম্রাট, তার ছেলে আজাহার উদ্দিন মাহিন ও ফারাবি হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া অর্থনৈতিক অঞ্চলে শওকত আকবর সোহাগের কার্যালয় থেকে বাদশাহ নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানান ওসি।

গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর