উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত নুরুল আমিনকে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রের দাবি, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে নুরুল আমিনের ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
তিন ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ
হামলার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উখিয়া স্টেশন, বালুখালী, থাইংখালী, জামতলী ও পালংখালী এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে পালংখালী থেকে মরিচ্যা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উভয় পাশে ছোট-বড় ও দূরপাল্লার কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে সড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
পালংখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী বলেন, নুরুল আমিন একজন জনপ্রিয় নেতা। হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত সড়ক অবরোধ চলবে।
জেলা যুবদলের সহসভাপতি হামিদ হোসেন সাগর বলেন, আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না।
উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী হামলার নিন্দা জানিয়ে অভিযুক্ত আলমগীরসহ জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, হামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে অবরোধ প্রত্যাহার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
কক্সবাজার সব খবর















