উখিয়ায় সাজাপ্রাপ্তসহ ৭ আসামি গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দুজনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (৮ নভেম্বর) উখিয়া থানা পুলিশের পাঠানো তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন জিআর মামলার পরোয়ানাভুক্ত, দুজন সিআর মামলায় সাজাপ্রাপ্ত এবং একজন নিয়মিত মামলার আসামি।
সাজাপ্রাপ্ত দুজন হলেন— জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া এলাকার নুরুল আমিন ও হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যাপালং এলাকার ছালেহ আহমদ। এরমধ্যে নুরুল আমিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ছালেহ আহমদকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া জিআর মামলার পরোয়ানায় গ্রেপ্তার চারজন হলেন— খাইরুল আমিন, নুর মোহাম্মদ মিজান, কামাল উদ্দিন ও রুবেল। নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন মোহাম্মদ ছলিম।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে আটটি পৃথক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তার ব্যক্তিদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
কক্সবাজার সব খবর















