উখিয়ায় রাতের আঁধারে বালু উত্তোলন, ড্রেজার জব্দ
উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় তাজিমারখোলা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন জব্দ করেছে বন বিভাগ।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার থাইংখালী বিটের তাজিমারখোলা খালে এ অভিযান পরিচালনা করা হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযানে অংশ নেয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানের সময় খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে সেটি থাইংখালী বিট কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।
অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বন বিভাগের কর্মী আবদুল কাইয়ুম, ইলিয়াস, আলী আহমেদ, ইসমাইলসহ বিটের অন্যান্য সদস্য অংশ নেন।
কক্সবাজার সব খবর















