ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের
সিভয়েস২৪ প্রতিবেদক ও ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার মাইজভান্ডার আমতলী এলাকার বাইস্যে পুলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের রমজান আলী শিকদার বাড়ির বাসিন্দা আলী আকবরের ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে সৌরভ (২৩), সাগর (২৬) ও বারেক (৩২) রয়েছেন। অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা সবাই ফটিকছড়ির চাড়ালিয়া হাটের হরিণখালী নবপাড়া ও গোপালঘাটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দ্রুতগতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায় এবং ছয় আরোহী আহত হন। তাঁরা সবাই ফটিকছড়ির চাড়ালিয়া হাটের হরিণখালী নবপাড়া ও গোপালঘাটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে জিসানের মৃত্যু হয়।
চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, আহত ব্যক্তিদের হাসপাতালে আনার পর ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নিহত জিসানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল।
স্থানীয় বাসিন্দা শেখ মোহাম্মদ ইসমাইল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (৮ নভেম্বর) জিসানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












