গভীর রাতে সন্দেহজনক ঘোরাফেরা, গ্রেপ্তার ২০
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও অবস্থানের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত নগরের সাহেবপাড়া, কদমতলী ও পুরাতন কাস্টম রেলি কলোনি এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— হাবিবুর রহমান (৩২), আজগর আলী (৩৫), রাজু (২৬), জীবন (২৬), আব্দুস শহিদ (৪৫), রাকিবুল ইসলাম মানিক (২৪), সাজ্জাদ হোসেন ওরফে রাহি (২৬), জীবন (২৮), ইউসুফ (৩০), রাকিব (২০), হাসান (৩৪), রুবেল সাজি (২৯), অলি (২৭), ফাহিম ইসলাম (২৬), শাহজাহান হায়দার (২৭), ফাহিম (২৬), রাসেল (২৬), সাইফুল (২৪), মনির (২৯) ও ইব্রাহিম (২৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত নগরের সাহেবপাড়া, কদমতলী ও পুরাতন কাস্টম রেলি কলোনি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন নির্জন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা ওই এলাকায় অবস্থানের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এরপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধ্যাদেশ অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, রাতে বিভিন্ন এলাকায় অপরাধ সংঘটনের আশঙ্কা এড়াতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান চালানো হচ্ছে। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














