Cvoice24.com

হালিশহরে ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, জেঠাতো ভাই গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:৪৭, ৬ নভেম্বর ২০২৬
হালিশহরে ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, জেঠাতো ভাই গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের হালিশহরে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার জেঠাতো ভাইকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি-৭। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হালিশহরের কবির ম্যানশন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন ওরফে বাচা মিয়া (৪৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে, বুধবার (৪ নভেম্বর) শিশুটির মা বাদী হয়ে হালিশহর থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার জাকির হোসেন হালিশহরের সুন্দরীপাড়া এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে।

মামলার অভিযোগ ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, আত্মীয়তার সম্পর্কের সুযোগ নিয়ে জাকির হোসেন শিশুটিকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন তিনি। ঘটনা প্রকাশ পাওয়ার পরও শিশুটিকে ভয়ভীতি দেখানো অব্যাহত রাখেন বলে অভিযোগ পরিবারের। এমনকি মাদ্রাসায় যাতায়াতের পথেও অবস্থান নিয়ে কাউকে কিছু না বলার জন্য হুমকি দেওয়া হয় বলে দাবি স্বজনদের।

পরিবারের সদস্যরা জানান, বিষয়টি জানাজানি হওয়ার পর আত্মীয়স্বজনের উদ্যোগে সামাজিকভাবে একটি বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠক চলাকালে অভিযুক্তের ছোট ভাই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। এ সুযোগে জাকির সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ পরিবারের।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি জাকির হোসেন ওই এলাকায় অবস্থান করছেন। পরে বৃহস্পতিবার রাতে কবির ম্যানশন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হালিশহর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর