Cvoice24.com

চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের ৮ কক্ষে চুরি, হার্ডডিস্ক-নগদ টাকা লুট

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:০৬, ৬ নভেম্বর ২০২৬
চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের ৮ কক্ষে চুরি, হার্ডডিস্ক-নগদ টাকা লুট

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের আটটি সরকারি অফিসের কক্ষে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে বা শুক্রবার (৬ নভেম্বর) ভোরে কোনো একসময় সংঘবদ্ধ চোরের দল এসব কক্ষের তালা ভেঙে কম্পিউটারের হার্ডডিস্ক, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

শুক্রবার সকালে অফিস খুলতে এসে কক্ষগুলোর তালা ভাঙা দেখতে পান কর্মচারীরা। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

চুরি হওয়া অফিসগুলোর মধ্যে রয়েছে সমবায় অফিসের একটি কক্ষ, ডিজিটাল অফিসের একটি, কৃষি অফিসের দুটি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চারটি এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের একটি কক্ষ।

প্রাথমিকভাবে জানা গেছে, সমবায় অফিস থেকে নগদ ৪ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে। এ ছাড়া বিভিন্ন অফিসের কম্পিউটার থেকে হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে চোরেরা। অন্যান্য কক্ষ থেকে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষয়ক্ষতির হিসাব করছেন।

খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার। তারা চুরি হওয়া কক্ষগুলো ঘুরে দেখেন, আলামত পরীক্ষা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, চুরির ঘটনায় তদন্ত চলছে। ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর