Cvoice24.com

ডেঙ্গু নিয়ে অবহেলা নয়, চিকিৎসকের পরামর্শ নিতে বললেন রিজভী

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:১৩, ৫ নভেম্বর ২০২৬
ডেঙ্গু নিয়ে অবহেলা নয়, চিকিৎসকের পরামর্শ নিতে বললেন রিজভী

ডেঙ্গু আক্রান্ত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘জ্বর হলে নিজে নিজে ওষুধ সেবন না করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও জরুরি।’

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ জন্য সরকার, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।’

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে রোগী, স্বজন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।

কর্মসূচিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে প্রথমেই এডিস মশার প্রজননস্থল সম্পর্কে জানতে হবে। ফুলের টব, বালতি, বোতল, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের কাপ, ছাদে জমে থাকা পানি, নির্মাণাধীন ভবন এবং ফ্রিজ ও এয়ারকন্ডিশনারের নিচে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই কোথাও পানি জমতে দেওয়া যাবে না। বিশেষ করে তিন দিনের বেশি পানি জমিয়ে রাখা যাবে না।’

তিনি বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চসিকের ডেঙ্গু সেন্টারে আগের তুলনায় রোগীর সংখ্যা কমেছে। বৃষ্টিপাত ও জমে থাকা পানির সঙ্গে ডেঙ্গু সংক্রমণের সরাসরি সম্পর্ক রয়েছে। বৃষ্টির পানি জমে থাকলে এডিস মশার প্রজনন বাড়ে। তাই ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। নগরী পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।’

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের উদ্যোগের কথা তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘এডিস মশার লার্ভা ধ্বংসে উচ্চপ্রযুক্তির বিটিআই (BTI) পদ্ধতি ব্যবহার করছে চসিক। পাশাপাশি নগরীর ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি করপোরেশনের ডেঙ্গু সেন্টারে শুরু থেকেই এনএস-১ অ্যান্টিজেন ও সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।’

তিনি আরও জানান, সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গু সংক্রমণ বাড়লেও নভেম্বর মাসে বৃষ্টিপাত কমে আসায় সংক্রমণের হার ধীরে ধীরে কমার আশা করা হচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাগরিকদের সতর্কতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

কর্মসূচিতে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, চিকিৎসক, মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর