ওয়াসিম হত্যা মামলায় এনসিপি নেতা জিয়া রনিকে গ্রেপ্তার দাবি ছাত্রদলের
সিভয়েস২৪ প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরাম হত্যা মামলার অভিযুক্ত চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক একেএম জিয়াউদ্দিন ওরফে জিয়া রনিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। একই সঙ্গে তার জামিনের বিষয়টি আইনানুগভাবে পুনর্বিবেচনা এবং মামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উত্তর ও দক্ষিণ জেলা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেখানে কোনো হত্যাকাণ্ডের বিচারহীনতা মেনে নেওয়া যায় না। ওয়াসিম আকরাম হত্যা মামলার প্রত্যেক অভিযুক্তকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, শহীদ ওয়াসিমের আত্মত্যাগ বিস্মৃত হওয়ার নয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া যাবে না।
সাইফুল আলম আরও বলেন, ’৭১ ও ’২৪-এর পরাজিত শক্তিরা এক হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ছাত্রদল তা মোকাবিলায় রাজপথে সজাগ রয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল থেকে ওয়াসিম আকরাম হত্যা মামলার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের দাবি জানানো হয়।
মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরওয়ার রুবেল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, তারিকুল ইসলাম তানভীর, জিএম সালাহউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান (মাস্টার আরিফ), জহির উদ্দিন বাবর, শহিদুল ইসলাম সুমন, মাহমুদুর রহমান বাবু, ইসমাইল, আনাছ, রাহুল, শাহীন, বাপ্পী, আল মামুন সাদ্দাম, জুয়েল ও এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রাজনীতি সব খবর















