শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট আইসিএও’র অডিট দল
সিভয়েস২৪ প্রতিবেদক
ব্যাগেজ স্ক্যানিং মেশিন, নিরাপত্তাকর্মীদের সনদ, সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে রানওয়ে ও কার্গো টার্মিনাল— শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার প্রতিটি স্তর সরেজমিনে যাচাই করেছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) অডিট দল। চার দিনব্যাপী নিরীক্ষা শেষে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে গুরুতর কোনো পর্যবেক্ষণ না থাকায় সন্তোষ প্রকাশ করেছে দলটি।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আইসিএওর প্রথমবারের মতো পরিচালিত নিরাপত্তা অডিট শেষ হয়। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, আইসিএওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম-কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচের (ইউএসএপি-সিএমএ) আওতায় গত ১ নভেম্বর অডিট কার্যক্রম শুরু হয়। চার সদস্যের অডিট দলে ছিলেন ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ।
অডিটের অংশ হিসেবে বিমানবন্দরের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন নথিপত্র যাচাই করা হয়। পাশাপাশি হোল্ড ব্যাগেজ ও কেবিন ব্যাগেজ স্ক্যানিং মেশিন, এক্সপ্লোসিভ ট্রেস ডিটেকশন সিস্টেম (ইটিডিএস), ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং হ্যান্ড-হেল্ড মেটাল ডিটেক্টরের নিয়মিত রক্ষণাবেক্ষণ, ক্যালিব্রেশন ও কার্যকারিতা পরীক্ষা করেন অডিট দলের সদস্যরা।
এসব নিরাপত্তা সরঞ্জাম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের সনদও যাচাই করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মসূচির (এএসপি) মানদণ্ড অনুযায়ী বিভিন্ন নিরাপত্তা পোস্টে তল্লাশি কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে পরীক্ষা করা হয়।
এ ছাড়া রানওয়ে ও কার্গো টার্মিনালের নিরাপত্তা কার্যক্রম এবং নিরাপত্তা পাস নীতিমালা অনুযায়ী যাত্রী ও দর্শনার্থীদের প্রবেশাধিকার যাচাই করা হয়। নিরীক্ষায় পর্যবেক্ষণ করা বিভিন্ন বিষয়ের ভিত্তিতে প্রয়োজনীয় সুপারিশও তুলে ধরেছে অডিট দল।
গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন বলেন, সমাপনী দিনে অডিট দলের প্রধান ক্যালাম ভাইন বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে গুরুতর কোনো পর্যবেক্ষণ না থাকায় সন্তোষ প্রকাশ করেছেন। অডিটের বিস্তারিত সুপারিশ আইসিএওর পক্ষ থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে উপস্থাপন করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রথমবারের মতো আন্তর্জাতিক নিরাপত্তা অডিট সম্পন্ন করার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর উল্লেখযোগ্য ভালো স্কোর অর্জন করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে দেশের ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হবে।
অর্থ-বাণিজ্য সব খবর














