Cvoice24.com

টিকিটধারী পর্যটকদের যাত্রার অনুমতি
বৃহস্পতিবার সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ

কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
২২:৪৬, ৪ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ

দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) কক্সবাজার থেকে সেন্টমার্টিনে একটি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগে থেকে টিকিট সংগ্রহ করা পর্যটকেরা এমভি বার আউলিয়া জাহাজে করে সেন্টমার্টিন যেতে পারবেন। বাকি দুটি জাহাজ শুক্রবার থেকে চলাচল করবে।

বুধবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা প্রশাসক কিছুক্ষণ আগে সেন্টমার্টিনে জাহাজ চলাচলের সম্মতি দিয়েছেন। যারা টিকিট সংগ্রহ করেছেন, তারা একটি জাহাজে করে সেন্টমার্টিন যেতে পারবেন। অপর দুটি জাহাজ শুক্রবার থেকে চলাচল করবে।

একই সময়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, ইতোমধ্যে অনেক পর্যটক টিকিট সংগ্রহ করেছেন। তাদের কথা বিবেচনা করে বৃহস্পতিবার একটি জাহাজ সেন্টমার্টিনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, বুধবার সকাল থেকে জানানো হয়েছিল, সব ধরনের দাপ্তরিক অনুমোদন পাওয়ায় বৃহস্পতিবার থেকে তিনটি জাহাজ সেন্টমার্টিন রুটে চলাচল করবে। এ ঘোষণার ভিত্তিতে জাহাজ কর্তৃপক্ষ টিকিট বিক্রিও শুরু করে। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পাঁচ শতাধিক টিকিট বিক্রি হয়।

তবে সন্ধ্যা ৭টার দিকে বৃহস্পতিবার জাহাজ চলাচল শুরু করা যাচ্ছে না বলে জানান হোসাইন ইসলাম বাহাদুর। তিনি বলেন, সরকারি সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরও কক্সবাজার জেলা প্রশাসকের সম্মতির জন্য সারাদিন চেষ্টা চালানো হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত অনুমতি না মেলায় বৃহস্পতিবার সকাল থেকে তিনটি জাহাজের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে।

জাহাজ তিনটির কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। পরে রাত ১০টার দিকে একটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা জানানো হয়।

এদিকে নৌপরিবহন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পেয়েছে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফ নামের তিনটি জাহাজ। জাহাজগুলোর মোট ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ায় ৮৫০, এমভি কর্ণফুলিতে ৭৩২ এবং এমভি টেকনাফে ৭১৬ জন যাত্রী বহন করা যাবে।

সংশ্লিষ্টদের দেওয়া সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায় কক্সবাজার ঘাট থেকে ছেড়ে সেন্টমার্টিন থেকে ফিরবে বেলা আড়াইটায়। এমভি কর্ণফুলি সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা করে ফিরবে দুপুর ২টা ১৫ মিনিটে। আর এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে যাত্রা করে ফিরবে বিকেল সাড়ে ৩টায়।