সীতাকুণ্ডে আইআইইউসি শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক-রেললাইন অবরোধ
সীতাকুণ্ড প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাইশা মুসফিয়াত (২১) নামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন। এর আগে সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ক্লাস শেষে বাড়ি ফেরার জন্য কয়েকজন শিক্ষার্থী মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় তাদের পাশে এসে থামে স্থানীয় রুটের একটি যাত্রীবাহী মিনিবাস। কিছুক্ষণ পর পেছন থেকে দ্রুতগতির একটি লরি মিনিবাসটিকে ধাক্কা দেয়। এতে মিনিবাসটি উল্টে সড়কের পাশে অপেক্ষমাণ শিক্ষার্থীদের ওপর পড়ে। এ ঘটনায় মাইশাসহ তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজেও ঘটনার দৃশ্য দেখা গেছে। ফুটেজে মহাসড়কের পাশে কয়েকজন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের পাশে একটি যাত্রীবাহী মিনিবাস থামে। কিছুক্ষণ পর পেছন থেকে একটি লরি মিনিবাসটিকে ধাক্কা দিলে সেটি উল্টে শিক্ষার্থীদের ওপর পড়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক মাইশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় মাইশা গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম পিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
দুর্ঘটনার প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর দেড়টায় অবরোধ চলছিল।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













