Cvoice24.com

বনফুলের ফ্রিজে তেলাপোকা, লেবেলবিহীন ঘিতে তৈরি হচ্ছিল খাবার

সিভয়েস২৪ প্রতিবেদক
১৬:৩৪, ৩ নভেম্বর ২০২৬
বনফুলের ফ্রিজে তেলাপোকা, লেবেলবিহীন ঘিতে তৈরি হচ্ছিল খাবার

মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপকরণ দিয়ে খাদ্যপণ্য তৈরি, খাবার সংরক্ষণের ফ্রিজে তেলাপোকার বিচরণ এবং লেবেলবিহীন ঘি ব্যবহারের অভিযোগে চট্টগ্রামের বনফুলকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) মহানগরের আগ্রাবাদ চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযান সূত্রে জানা যায়, বনফুলে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপকরণ ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। এ ছাড়া খাবার সংরক্ষণের ফ্রিজে তেলাপোকার বিচরণ দেখা যায়। পরিচয় ও লেবেলবিহীন ঘি ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির প্রমাণও পাওয়া যায়।

একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এম অ্যান্ড এস মেডিকোকে ৬ হাজার টাকা এবং সাঈদ মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর উপায়ে তেল সংরক্ষণ ও প্যাকেটজাতকরণ এবং মোড়কজাত তেলে মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকায় পাঠানটুলি চৌমুহনী এলাকার একটি তেলের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে চার প্রতিষ্ঠানকে মোট ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর