হালিশহরে অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের হালিশহর থানায় অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি-সংক্রান্ত অপরাধের অভিযোগে করা মামলার প্রধান আসামি নুর হোসাইন নুরকে (৩৮) ঢাকায় গ্রেপ্তার করেছে এসআরবি।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালী থানার বাদামতলী এলাকার হাজী আফছার করিম সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৭ চট্টগ্রাম ও এসআরবি-১০ ঢাকা যৌথভাবে এ অভিযান চালায়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।
গ্রেপ্তার নুর হোসাইন নুর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা এলাকার সারেংবাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর আলম। এসআরবির তথ্য অনুযায়ী, হালিশহর থানায় করা মামলাটির এজাহারনামীয় প্রধান আসামি তিনি।
এসআরবি কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ ও এসআরবি-১০-এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে নুর হোসাইন নুরকে গ্রেপ্তার করেন। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির কোতোয়ালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি করা হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













