শাহ আমানত বিমানবন্দরে নিরাপত্তা অডিটে আইসিএও’র চার বিশেষজ্ঞ
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) তত্ত্বাবধানে নিরাপত্তা অডিট কার্যক্রম শুরু হচ্ছে। এ লক্ষ্যে সংস্থাটির চার সদস্যের একটি অডিট দল চট্টগ্রামে পৌঁছেছে।
রবিবার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এ অডিট কার্যক্রম চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন।
তিনি জানান, আইসিএওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম-কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচের (USAP-CMA) আওতায় চার সদস্যের অডিট দলটি চট্টগ্রামে এসেছে। রবিবার বিকেল ৩টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬১৫ ফ্লাইটে তারা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
অডিট দলের সদস্যরা হলেন- ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আইসিএওর তত্ত্বাবধানে এবারই প্রথম এ ধরনের নিরাপত্তা অডিট অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত অডিট কার্যক্রম চলবে। অডিটের বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।
অর্থ-বাণিজ্য সব খবর















