মিয়ানমারে পাচারের সময় ১০ টন সারসহ আটক ৯
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ১০ টন ইউরিয়া সারসহ নয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।
রবিবার (১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দুইটার দিকে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় কোস্ট গার্ডের একটি জাহাজ। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে বোটটি তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, বোটটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় বোটসহ নয়জনকে আটক করা হয়েছে।
জব্দ করা সার ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
কক্সবাজার সব খবর















