Cvoice24.com

প্যাসিফিক জিন্সের কারখানা বন্ধ, চাকরি হারাচ্ছেন সাড়ে ৫ হাজার শ্রমিক

সিভয়েস২৪ প্রতিবেদক
১৯:২১, ৩১ অক্টোবর ২০২৬
প্যাসিফিক জিন্সের কারখানা বন্ধ, চাকরি হারাচ্ছেন সাড়ে ৫ হাজার শ্রমিক

ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে দেশের তৈরি পোশাকশিল্পের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান প্যাসিফিক গ্রুপের প্রথম কারখানা প্যাসিফিক জিন্স লিমিটেড। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিশেষজ্ঞদের পরামর্শে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করা হচ্ছে।

শনিবার (৩১ অক্টোবর) কারখানার এক কর্মচারী বলেন, ‘আমরা ৩ নভেম্বর পর্যন্ত কাজ করব। এরপর থেকে কারখানা বন্ধ হয়ে যাবে।’

কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ার পর কর্তৃপক্ষ পুনরায় তা পরীক্ষা করায়। এতে বুয়েট ও চুয়েটের বিশেষজ্ঞরা ভবনটি ভেঙে ফেলার পরামর্শ দেন। শ্রমিকদের জীবন ও কারখানার মালামালের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে কারখানার কার্যক্রম বন্ধ করতে হচ্ছে।’

কারখানা বন্ধ হলে শ্রমিকদের অন্য কারখানায় স্থানান্তর না করে ছাঁটাই করা হচ্ছে কেন—এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শ্রমিকদের ছাঁটাইয়ের বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

তিনি বলেন, ‘কারখানার শ্রমিক-কর্মচারীদের সব পাওনা পরিশোধ করেই কারখানা বন্ধ করা হবে। পাওনা পরিশোধের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।’

এ বিষয়ে বক্তব্য জানতে প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

জানা গেছে, প্যাসিফিক জিন্স লিমিটেড প্যাসিফিক গ্রুপের প্রথম প্রতিষ্ঠান। ১৯৯৪ সালে এম নাছির উদ্দিনের হাত ধরে কারখানাটি প্রতিষ্ঠিত হয়। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, কারখানাটিতে আনুমানিক সাড়ে পাঁচ হাজার শ্রমিক কাজ করেন।