চবির হীরকজয়ন্তী উদ্যাপনে রেজিস্ট্রেশন শুরু, ফি ১ হাজার টাকা
চবি প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদ্যাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার ৬০ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের তৃতীয় তলায় রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী। তিনি নিজে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
আয়োজকেরা জানিয়েছেন, হীরকজয়ন্তীতে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। তবে বর্তমান শিক্ষার্থীদের জন্য কোনো ফি দিতে হবে না। ৩০ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আগামী ১৮ নভেম্বর ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আমরা হীরকজয়ন্তী উদ্যাপনের প্রস্তুতি গ্রহণ করছি। এই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে আজ হীরকজয়ন্তীতে অংশগ্রহণের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হচ্ছে।’
উদ্যাপনের কর্মসূচি সম্পর্কে উপাচার্য বলেন, হীরকজয়ন্তী উপলক্ষে র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান, মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ৩০ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীরা নির্ধারিত ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
অনুষ্ঠানে নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় টিম থাকবে, পুলিশ থাকবে, বিএনসিসি থাকবে। সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী বলেন, হীরকজয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য রেজিস্ট্রেশন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি প্রাক্তন শিক্ষার্থীদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানান। সম্ভব হলে ১০ নভেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করার অনুরোধও জানান তিনি।
ক্যাম্পাস সব খবর















