খালেদা জিয়াকে নিয়ে মিমিক্রি, চাকসু ভিপির বিরুদ্ধে ছাত্রদলের সংবাদ সম্মেলন
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহসভাপতি (ভিপি) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনির বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গাত্মক মিমিক্রি করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ওই ঘটনার জন্য চাকসু ভিপির ক্ষমা প্রার্থনা এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ছাত্রদলের নেতারা।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁকে নিয়ে চাকসু ভিপির এমন ব্যঙ্গাত্মক মিমিক্রির অভিযোগের প্রতিবাদ জানান তাঁরা। একই সঙ্গে এ ঘটনার বিচার দাবি করেন ছাত্রদল নেতারা। এ সময় ছাত্রশিবিরের গত ১৭ বছরের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তাঁরা।
ছাত্রদল নেতাদের অভিযোগ, ২০২০ সালে নিজ বিভাগের বার্ষিক শিক্ষা সফরের একটি অভিনয় পর্বে বেগম খালেদা জিয়াকে নিয়ে মিমিক্রি করেছিলেন ইব্রাহিম হোসেন রনি। ওই পরিবেশনায় হানিফ সংকেত, আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির বক্তব্যও নকল করা হয়েছিল বলে তাঁরা উল্লেখ করেন।
ক্যাম্পাস সব খবর













