Cvoice24.com

চবি হলে মাদক সেবন: শনাক্ত ৮, গাঁজা-বিয়ার উদ্ধার

চবি প্রতিনিধি, সিভয়েস২৪
২২:০৬, ২০ নভেম্বর ২০২৬
চবি হলে মাদক সেবন: শনাক্ত ৮, গাঁজা-বিয়ার উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাত শিক্ষার্থী ও এক অতিথিকে শনাক্ত করেছে হল প্রশাসন। এ সময় একটি কক্ষ থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, মাদক সেবনের সরঞ্জাম ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়। পরে কক্ষটি সিলগালা করা হয়েছে। এদিকে, একই হলের অন্য একটি কক্ষে তল্লাশির সময় দুই হাউস টিউটরকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। পরে একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে তল্লাশি করতে গেলে এ ঘটনা ঘটে।

হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ৬১২ নম্বর কক্ষে অভিযান চালান হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা। এ সময় কক্ষটিতে সাত শিক্ষার্থী ও এক অতিথিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে দাবি প্রশাসনের। পরে তল্লাশি করে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও বিয়ারের বোতল উদ্ধার করা হয়। কক্ষটি সিলগালা করার পাশাপাশি সংশ্লিষ্টদের আবাসিক আসন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হল প্রশাসন।

মাদক সেবনের অভিযোগে শনাক্ত শিক্ষার্থীরা হলেন— ফার্মেসি বিভাগের স্মিত রেমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শাফিউস জামান অয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মিনহাজুল ইসলাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের শাওন খান, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ইজনূর সায়মুন, সমাজতত্ত্ব বিভাগের ফাহিম আহমেদ শাহিদ ও মো. মাহাবুব রহমান। তাঁদের মধ্যে শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী অধিকাংশই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ছাড়া কামরুল ইসলাম নামে একজন অতিথি ছিলেন।

অন্যদিকে, ১০৪ নম্বর কক্ষে তল্লাশির সময় ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নাজমুল হাসান এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইবরাজ হাসান মাহমুদ সামিরের বিরুদ্ধে দুই হাউস টিউটরকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থীদের দাবি, তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের শিক্ষক হিসেবে চিনতে পারেননি। এ কারণে নিজেদের কক্ষে প্রবেশে বাধা দিয়েছিলেন।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ. ফারুক বলেন, ‘অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ আলামত উদ্ধার করা হয়েছে। কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আবাসিক আসন বাতিল করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘গান-বাজনার কথা বলে তারা সেখানে মাদক সেবন করছিলেন। সেখানে আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাই। কক্ষের চারটি টেবিলে কোনো বই পাওয়া যায়নি, মাদক পাওয়া গেছে। কাঁচা গাঁজা, ইলেকট্রনিক সিগারেটসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। বিয়ারের বোতলও পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘কক্ষটি সিলগালা করা হয়েছে। আবাসিক আসনের বিষয়ে হল প্রশাসন সিদ্ধান্ত নেবে। একাডেমিক শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। অন্য একটি কক্ষে অভিযান চালানোর সময় এক শিক্ষার্থী আমাদের হাউস টিউটরকে শিক্ষার্থী ভেবে কক্ষে প্রবেশে বাধা দিতে ধাক্কা দিয়েছিলেন। পরে তাঁরা এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।’

হাউস টিউটর বাপ্পারাজ হাওলাদার বলেন, ‘কক্ষ তল্লাশির সময় আমিসহ আরেক হাউস টিউটরকে ওই কক্ষের দুই শিক্ষার্থী ধাক্কা দেন। এ সময় তাদের আচরণ ছিল আক্রমণাত্মক। আমরা শিক্ষক পরিচয় দেওয়ার পরও তারা উগ্র আচরণ করেন।’

ক্যাম্পাস সব খবর