Cvoice24.com

রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আশঙ্কাজনক ২

কক্সবাজার প্রতিনিধি
১৮:২৭, ২০ নভেম্বর ২০২৬
রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আশঙ্কাজনক ২

কক্সবাজারের রামুতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী শিশু সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা।

আহত ব্যক্তিরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ব্যক্তিদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটিকে ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা হতাহত হন।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।