Cvoice24.com

ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ-পাচার, জাবেদের ১৫ বছর কারাদণ্ড

সিভয়েস২৪ প্রতিবেদক
১৩:১৭, ১৯ নভেম্বর ২০২৬
ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ-পাচার, জাবেদের ১৫ বছর কারাদণ্ড

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তারা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য ছিল। মামলায় মোট ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী পরিচয় দিয়ে নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের নামে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরে ওই অর্থ জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং বিদেশে সম্পদ কেনায় ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়।

তদন্তে উঠে আসে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ ঘটনা ঘটে। অভিযোগপত্র অনুযায়ী, ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী পরিচয় দিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভিশন ট্রেডিংয়ের নামে একটি ট্রেড লাইসেন্স তৈরি করা হয়। ওই লাইসেন্স ব্যবহার করে ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএলের চট্টগ্রামের পোর্ট শাখায় একটি চলতি হিসাব খোলা হয়।

পরের বছরের ১৩ ফেব্রুয়ারি ভিশন ট্রেডিং গম, হলুদ, ছোলা ও মটর আমদানির কথা উল্লেখ করে ১৮০ দিনের জন্য টাইম লোনের আবেদন করে। ঋণ প্রস্তাবে নেতিবাচক মতামত থাকা সত্ত্বেও ব্যাংকের পরিচালনা পর্ষদ যাচাই-বাছাই ছাড়াই তা অনুমোদন করে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

ঋণের অর্থ পে-অর্ডারের মাধ্যমে আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডার্স, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামে চারটি প্রতিষ্ঠানের হিসাবে দেওয়া হয়। পরে এসব অর্থ নগদে উত্তোলন ও স্থানান্তর করা হয়। অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়ে হুন্ডির মাধ্যমে অর্থ বিদেশে পাচার করে সম্পদ কেনা হয়। পাশাপাশি জাবেদের মালিকানাধীন আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের হিসাবে অর্থ জমা করে ঋণের দায় সমন্বয় করা হয়।

মামলায় জাবেদ, তার স্ত্রী, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান, ইউসিবিএল ও আরামিট গ্রুপের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়।

এর আগে, গত বছরের ২৪ জুলাই দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপপরিচালক মো. মশিউর রহমান মামলাটি করেন। তদন্ত শেষে চলতি বছরের ৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ৭ জানুয়ারি অভিযোগপত্র গ্রহণ এবং ১১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৫ এপ্রিল বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।

মামলার তদন্তে প্রথমে ৩১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তবে ব্যাংক কর্মকর্তা আবদুল আওয়াল ও আরামিট গ্রুপের কর্মকর্তা কাজী মো. দিলদার মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়। পরে তদন্তে পাওয়া আরও সাতজনসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তা-সহ মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছিল।