Cvoice24.com

সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন

সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:২৩, ১৮ নভেম্বর ২০২৬
সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখার ব্যবস্থাপক মীর লায়েক আলী জানান, গভীর রাতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় এক কর্মকর্তার ঘুম ভেঙে গেলে তিনি জানালা দিয়ে আগুন জ্বলতে দেখেন। পরে তার চিৎকারে অন্য কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের লোকজনের ঘুম ভেঙে যায়।

এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা নিচে নেমে আসেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর আশপাশের সড়কে খোঁজাখুঁজি করেও সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।

শাখা ব্যবস্থাপক জানান, ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাতকানিয়া এনএসআইয়ের ইনচার্জকে বিষয়টি জানানো হয়েছে। খবর পেয়ে সাতকানিয়া থানা-পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, ঘটনাস্থলে আগুন লাগানোর প্রাথমিক আলামত পাওয়া গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। ব্যাংক কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।