‘ওয়াহাবির মাছ কিনবেন না’, ভিডিও ছড়িয়ে পড়ায় থানায় অভিযোগ
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
ওয়াজের মজলিসে দাঁড়িয়ে অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগে বিতর্কের মধ্যেই এবার মাছ না কেনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে সম্মানহানির অভিযোগ উঠেছে। ভিডিওটি ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক ব্যক্তি। এ নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
সম্প্রতি এক মাছ বিক্রেতার কাছ থেকে মাছ না কেনার ঘটনাকে কেন্দ্র করে আবুল কালাম বয়ানী নামের এক বক্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ওই মাছ বিক্রেতাকে ‘ওয়াহাবি মতাদর্শের’ অনুসারী উল্লেখ করে তার কাছ থেকে মাছ না কেনার কথা বলতে শোনা যায়। এ ঘটনার ভিডিও ধারণকারী মো. হাবিবের বিরুদ্ধে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেছেন আবু সাইফ মোহাম্মদ সাজ্জাদ নামের এক ব্যক্তি।
গত ১৭ নভেম্বর থানায় দেওয়া অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর বিকেল ৪টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ফুততলী বিচ এলাকার বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। অভিযোগকারীর দাবি, ওই দিন আবুল কালাম বয়ানী তার বাড়িতে বেড়াতে আসেন। পরে পরিবারের সদস্যদের নিয়ে বেড়িবাঁধ এলাকায় গেলে মাছ কেনার সময় স্থানীয় যুবক হাবিব তার মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এ সময় ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এখানে ওয়াহাবির মাছ, ওয়াহাবির মাছ কিনবেন না।’ পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযোগে আরও বলা হয়, ভিডিওটি ছড়িয়ে পড়ায় আবুল কালাম বয়ানীর সামাজিক সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং স্থানীয়ভাবে নেতিবাচক প্রভাব পড়েছে। এ ঘটনায় ভিডিও ধারণকারী হাবিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন অভিযোগকারী।
তবে এ ঘটনা ঘিরে স্থানীয়ভাবে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। ওয়াজের মজলিসে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগের বিপরীতে মাছ না কেনার ভিডিও ছড়িয়ে পড়ায় সম্মানহানির অভিযোগ কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তাদের আলোচনায় উঠে এসেছে, সম্মানের বিষয়টি কি বক্তব্যের ধরন ও স্থানভেদে ভিন্ন হয়ে যায়?
এ বিষয়ে অভিযোগকারী আবু সাইফ মোহাম্মদ সাজ্জাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনার কথা বলার ধরন সুন্দর হয়নি, তাই আপনার সঙ্গে কথা বলব না।’ এ কথা বলেই তিনি কলটি কেটে দেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














