সন্ত্রাসী হামলা মোকাবিলায় চট্টগ্রাম বন্দরে বিশেষ মহড়া
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা জোরদার ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সক্ষমতা যাচাইয়ে সন্ত্রাসবিরোধী মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা সংস্থার সদস্যরা অংশ নেন।
বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা (আইএসপিএস) কোডের আওতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যানের নির্দেশনায় আইএসপিএস মনিটরিং সেলের প্রস্তুতিতে মহড়াটির আয়োজন করা হয়। এতে বন্দরের নিরাপত্তার তিনটি স্তর অনুযায়ী বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলার অনুশীলন করা হয়।
বন্দর কর্তৃপক্ষের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, মহড়ায় ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বন্দরে প্রবেশ, অগ্নিকাণ্ড, জোরপূর্বক বন্দরে ঢোকার চেষ্টা এবং সন্দেহজনক বস্তু শনাক্তের পরিস্থিতি তৈরি করা হয়। এ ছাড়া বোমা নিষ্ক্রিয় করা এবং অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের মাধ্যমে বন্দরে প্রবেশের চেষ্টাও অনুশীলন করা হয়। মহড়ার শেষ পর্যায়ে সেনাবাহিনী, নৌবাহিনীর কমান্ডো দল সোয়াডস এবং বাংলাদেশ কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় কনটেইনার ইয়ার্ডে আত্মগোপনকারী অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করার কৌশল প্রদর্শন করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল, সোয়াডস, কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন। মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে সম্মিলিতভাবে কাজ করার সক্ষমতা যাচাই করা হয়েছে। আন্তর্জাতিক আইএসপিএস কোড অনুসরণ করে বন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের কার্যক্রম অব্যাহত থাকবে।’
কক্সবাজার সব খবর















