উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়া সাত হাতি ফিরল বনে
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে চলে আসে সাতটি বন্য হাতির একটি পাল। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বন বিভাগের কর্মী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় হাতির পালটিকে নিরাপদে গহিন বনে ফিরিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালী বন বিটের চোরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সাতটি বন্য হাতির একটি পাল লোকালয়ে প্রবেশ করেছে—এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান থাইংখালী বন বিট কর্মকর্তা আরফাত মাহমুদ। এ সময় তার সঙ্গে ছিলেন বন বিভাগের অন্য কর্মী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা।
পরে সম্মিলিত প্রচেষ্টায় হাতির পালটিকে লোকালয় থেকে সরিয়ে গহিন বনে ফিরিয়ে নেওয়া হয়।
থাইংখালী বন বিট কর্মকর্তা আরফাত মাহমুদ বলেন, খাবারের সন্ধানে হাতির দলটি বন থেকে লোকালয়ে চলে এসেছিল। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বনকর্মীদের সহযোগিতায় হাতিগুলোকে আবার বনে ফিরিয়ে দেন।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নানও লোকালয়ে সাতটি বন্য হাতি প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজার সব খবর















