Cvoice24.com

বাঁশখালীতে বনভূমি দখলমুক্ত করতে গিয়ে হামলা, কারাগারে ৪ আসামি 

বাঁশখালী প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:৫৯, ১৭ নভেম্বর ২০২৬
বাঁশখালীতে বনভূমি দখলমুক্ত করতে গিয়ে হামলা, কারাগারে ৪ আসামি 

চট্টগ্রামের বাঁশখালীতে সংরক্ষিত বনভূমির অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে বন বিভাগ ও পুলিশের যৌথ দলের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করা ছয় আসামির মধ্যে চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে অপর দুই নারী আসামি জামিন পেয়েছেন। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) ছয় আসামি চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর বাঁশখালীর জঙ্গল শিলকূপ মৌজার ৯ নম্বর ওয়ার্ডের কোরলাশিয়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় বন বিভাগ ও পুলিশ। এ সময় উচ্ছেদে বাধা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে যৌথ দলের ওপর হামলা চালান বনভূমি দখলকারীরা। এতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যসহ অন্তত সাতজন আহত হন।

এ ঘটনায় ৮ নভেম্বর বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন রেঞ্জার মো. ইসরাইল হক বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।

মামলার বাদী অভিযোগ করেন, সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি অভিযানের সময় যৌথ দলের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর