উখিয়ায় পাহাড় কেটে বালি পাচার, ডাম্পার জব্দ
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে বালি পাচারের সময় একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। তবে বন বিভাগের অভিযানের খবর পেয়ে পালিয়ে গেছেন বালি পাচারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ৩টার দিকে উখিয়া রেঞ্জের থাইংখালী বিটের ওমর আলী ঘোনা-গয়ালমারা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বালুভর্তি ডাম্পারটি জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, পাহাড় কেটে বালি উত্তোলন করে পাচারের সময় ডাম্পারটি জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সাহাবউদ্দিন ওরফে সোনামিয়া। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মাহবুব আলমের ছেলে। অভিযানের সময় তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
থাইংখালী বন বিট কর্মকর্তা আরফাত মাহমুদ অভিযানে নেতৃত্ব দেন।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কক্সবাজার সব খবর















