ব্যবসার টাকা নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ছেলে
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় ব্যবসার টাকা নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে মো. রামিনকে (২১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি। ঘটনার পাঁচ দিন পর রবিবার (১৫ নভেম্বর) কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত রহিম উল্ল্যাহর (৬৩) বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
সোমবার (১৬ নভেম্বর) সকালে এসব তথ্য জানান এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।
এসআরবি সূত্রে জানা গেছে, রহিম উল্ল্যাহ পতেঙ্গা বিজয়নগরের ১৪ নম্বর ঘাট এলাকায় আক্কাসের মার্কেটের সামনে ও আশপাশে ভ্যানগাড়িতে কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল বিক্রি করতেন। তার ছেলে রামিনও বাবার কাছ থেকে মালামাল নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তবে বিক্রির টাকা ঠিকমতো বাবাকে না দিয়ে অপ্রয়োজনে খরচ করতেন বলে এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ নিয়ে বাবা ছেলেকে সতর্ক করলে ক্ষুব্ধ হন রামিন। গত ১০ নভেম্বর রাত ৮টার দিকে ব্যবসার টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রামিন তার বাবাকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দিলে বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান তিনি।
এসআরবির তথ্য অনুযায়ী, একই দিন রাত ১১টার দিকে পতেঙ্গার বিজয়নগর ১৪ নম্বর ঘাট এলাকায় আক্কাসের মার্কেটের সামনের সড়কে আবারও বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রামিন তার বাবার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে রহিম উল্ল্যাহ গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় মাটিতে পড়ে যান।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১১ নভেম্বর পতেঙ্গা মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় ছেলে রামিনকে প্রধান আসামি করা হয়।
এসআরবি জানায়, ঘটনার পর থেকে রামিন পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে এসআরবি। এর ধারাবাহিকতায় রবিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সদর থানার বাংলাবাজার এলাকায় এসআরবি-১৫-এর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রামিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআরবি কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















