যোগ্যতা ও দক্ষতা থাকলে নারীদের নেতৃত্ব আটকে রাখা যাবে না: প্রশাসক শাহাদাত
সিভয়েস২৪ প্রতিবেদক
নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশে সামাজিক প্রতিবন্ধকতা দূর করে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘নারীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে এগিয়ে আসার সুযোগ পেলে নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন। নেতৃত্ব প্রতিষ্ঠায় রাজনৈতিক পরিচয়ের চেয়ে ব্যক্তিগত মেধা, যোগ্যতা ও কঠোর পরিশ্রম বেশি গুরুত্বপূর্ণ।’
রবিবার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজিত ‘নেতৃত্বে নারী ও তরুণ: বাধা কোথায়?’ শীর্ষক সংলাপ ও কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নারী নেতৃত্বের প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, 'আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামাল ও মালালা ইউসুফজাই নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও কাজের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের পথ অনুসরণ করে নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং নেতৃত্বে এগিয়ে আসতে হবে। নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সমর্থন কিংবা পরিচয় অপরিহার্য নয়।'
তিনি আরও বলেন, 'প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ক্ষেত্রে শালীনতা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের চর্চা করতে হবে। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং যৌক্তিক সমালোচনা গ্রহণের মানসিকতা গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষার ভিত্তি তৈরি হয় পরিবার থেকে।'
চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও স্থানীয় সরকারব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে প্রশাসক বলেন, 'নাগরিক সেবা নিশ্চিত করতে কার্যকর ‘সিটি গভর্নমেন্ট’ বা নগর সরকার প্রতিষ্ঠা প্রয়োজন। বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশনের পাশাপাশি ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বন্দর কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থা নগরীর উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে। এসব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় ও জবাবদিহি নিশ্চিত না হলে নাগরিক দুর্ভোগ কমানো কঠিন।'
তিনি বলেন, 'সিটি করপোরেশন রাস্তা নির্মাণ ও সংস্কার করলেও বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখুঁড়ির কারণে অনেক সময় সড়ক ক্ষতিগ্রস্ত হয়। সংশ্লিষ্ট সংস্থার দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষের স্পষ্ট ধারণা না থাকায় সব দায় অনেক ক্ষেত্রে সিটি করপোরেশনের ওপর পড়ে। তাই নগর উন্নয়ন ও নাগরিক সেবায় দায়িত্বের সুস্পষ্ট বণ্টন এবং সমন্বিত ব্যবস্থাপনা প্রয়োজন।'
নারী উদ্যোক্তাদের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, 'ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও পণ্য প্রদর্শনের জন্য বিভিন্ন স্থানে মেলার আয়োজন করতে গিয়ে একাধিক দপ্তরের অনুমতি নিতে হয়। এতে তাঁদের নানা জটিলতার মুখোমুখি হতে হয়। কার্যকর নগর সরকার প্রতিষ্ঠিত হলে এ ধরনের উদ্যোগে আরও সহজে সহযোগিতা করা সম্ভব হবে।'
তরুণদের উদ্দেশে চসিক প্রশাসক বলেন, 'নেতৃত্ব অর্জনের জন্য শুধু আবেগ কিংবা বক্তব্য যথেষ্ট নয়। পড়াশোনা, তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের বাস্তব সমস্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। কোন প্রতিষ্ঠানের দায়িত্ব কী এবং কোথায় কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে, তা জানতে হবে। নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলেই নেতৃত্বের পথ সুগম হবে।'
গণতন্ত্রের চর্চা নিজেদের অবস্থান থেকেই শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'যৌক্তিক তথ্য-উপাত্তের ভিত্তিতে কেউ সমালোচনা করলে তা স্বাগত জানাতে হবে। নিজের ভুল থাকলে তা স্বীকার করার মানসিকতাও থাকতে হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মন খুলে কথা বলেছেন, প্রশ্ন করেছেন এবং মতামত দিয়েছেন। এ ধরনের মুক্ত আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ই গণতন্ত্রের প্রকৃত চর্চা।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান। তিনি বলেন, 'তরুণরা সমাজের অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ এখনো সীমিত। সমাজের যেকোনো অবস্থান থেকেই মানুষের সেবা করা যায়, তবে রাজনীতিতে সেই সুযোগ বেশি। কিন্তু রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সবকিছু অর্জনের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে অংশগ্রহণের আগে নিজেকে যোগ্য করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।'
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, 'সংসদে নারী নেতৃত্ব একটি সাংবিধানিক বিষয়। জাতীয় সংসদে নারীদের সরাসরি অংশগ্রহণ শুরু করা যেতে পারে। পার্বত্য চট্টগ্রামের মানুষ বাংলাদেশের নাগরিক হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা পেলে সবাই উপকৃত হবে। তরুণদের সর্বোচ্চ নেতৃত্বে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলার সাহস নিয়ে এগিয়ে আসতে হবে।'
রাঙামাটি জেলা জজ কোর্টের অ্যাডভোকেট ও মানবাধিকারকর্মী সুস্মিতা চাকমা বলেন, 'সম্পত্তির অধিকার থেকে বঞ্চনা, গভীরভাবে প্রোথিত পিতৃতান্ত্রিক মানসিকতা এবং সীমিত সুযোগ-সুবিধা সমাজ ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণ সংকুচিত করে রেখেছে। ক্ষমতায় থাকা ব্যক্তিরাও অনেক সময় নারী অধিকারের কথা বললেও তা কার্যকর পদক্ষেপে রূপ দেন না। রাজনীতি হওয়া উচিত জনগণের সেবার জন্য, ব্যক্তিগত স্বার্থ কিংবা দুর্নীতির জন্য নয়। নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করা গেলে নারীদের অংশগ্রহণ বাড়বে।'
চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি অশোক সাহা বলেন, 'নারীর প্রতি আচরণ নির্ভর করে তাঁদের বিষয়ে সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির ওপর। এ ক্ষেত্রে রাষ্ট্রীয় নীতিও গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের প্রশ্রয়ের কারণেই নারীরা বৈষম্যের শিকার হন বলে মন্তব্য করেন তিনি। সবাই মিলে চাইলে একটি সুন্দর সমাজ নির্মাণ সম্ভব।'
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা বলেন, 'রাজনীতিতে নারীদের উল্লেখযোগ্য অবদান থাকলেও তাঁরা এখনো বড় ধরনের বাধার মুখোমুখি হচ্ছেন। এর শুরু অনেক সময় নিজ পরিবার থেকেই হয়, যেখানে পিতৃতান্ত্রিক মানসিকতা নারীদের রাজনৈতিক অংশগ্রহণে নিরুৎসাহিত করে। নারীদের অবদানকে শুধু প্রতীকী প্রতিনিধিত্বের মধ্যে সীমাবদ্ধ না রেখে নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে অর্থবহ ভূমিকা নিশ্চিত করতে হবে। অংশগ্রহণের মাধ্যমেই অভিজ্ঞতা অর্জিত হয়।'
নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তরুণ রাজনীতিবিদ, নারী নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে তরুণ অংশগ্রহণকারীরা নারী নেতৃত্ব, রাজনৈতিক ক্ষমতায়ন ও পার্বত্য অঞ্চলের মানুষের পরিচয়সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। বক্তারা এসব প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














