Cvoice24.com

খাগড়াছড়িতে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:১১, ১৪ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর ভারত সীমান্তবর্তী অংশ থেকে অংথৈইপ্রু মারমা (৬৫) নামে সাবেক এক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের এক দিন পর শনিবার (১৪ নভেম্বর) সকালে ফেনীরকুল সীমান্তের বরই বাগান ও ভারতের ঢোলবাড়ি অংশ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

নিহত অংথৈইপ্রু মারমা রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার মৃত মং মং মারমার ছেলে। তিনি ১৯৮৬ সালে স্বেচ্ছায় বিজিবি থেকে অব্যাহতি নেওয়া ভারত প্রত্যাগত শরণার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাংলাদেশের ফেনীরকুল ও ভারতের ঢোলবাড়ি সীমান্তের ২২১৪/১৮ এস পিলারসংলগ্ন ফেনী নদীর পাড়ে ভারতের অংশে গরুর জন্য ঘাস কাটতে যান অংথৈইপ্রু মারমা। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়ি না ফেরায় স্বজনরা রাতভর তাকে খোঁজাখুঁজি করেন। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শনিবার সকালে আবারও খোঁজাখুঁজির একপর্যায়ে সাড়ে ৭টার দিকে ভারতের ঢোলবাড়ি সীমান্তে নদীর পানিতে কংক্রিটের ব্লকের পাশে তার ডুবন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে সকাল ৮টা ২০ মিনিটের দিকে মরদেহ উদ্ধারের বিষয়টি জানা যায়।

নিহতের ছেলে থংগো মারমা জানান, রাতে ও সকালে স্থানীয় লোকজন এবং বিজিবির সহযোগিতায় তার বাবাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ভারতের ঢোলবাড়ি অংশে নদীতে রক্তাক্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়। তার বাবার মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। বিএসএফের হাতে তার বাবা হত্যার শিকার হয়েছেন, নাকি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তা তিনি নিশ্চিত নন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান তিনি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, খবর পেয়ে সকালে বিজিবির সহযোগিতায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের কপালে জখমের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলটি বেশ সরু এবং সেখানে কংক্রিটের ব্লক রয়েছে। নিহতের ছেলে মামলা করবেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর রহস্য জানা যাবে।