Cvoice24.com

দীঘিনালায় এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে র‌্যালি-সভা

দীঘিনালা প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:৩৩, ১০ নভেম্বর ২০২৬
দীঘিনালায় এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে র‌্যালি-সভা

খাগড়াছড়ির দীঘিনালায় জুম্ম জাতীয় শোক দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোকর‌্যালি, প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও স্মরণসভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিজেএসএস) দীঘিনালা থানা শাখা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে লারমা স্কয়ারে পিজেএসএস কার্যালয়ের সামনে থেকে শোকর‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে মানবেন্দ্র নারায়ণ লারমার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতা-কর্মীরা।

এরপর পিজেএসএসের পুরোনো কার্যালয়ের সামনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। দীঘিনালা থানা শাখার সাংগঠনিক সম্পাদক নলেজ চাকমা জ্ঞানের সঞ্চালনায় সভায় শোকবার্তা পাঠ করেন সংগঠনের দীঘিনালা থানা শাখার সহসভাপতি শান্তিলোচন চাকমা। স্বাগত বক্তব্য দেন থানা শাখার সাধারণ সম্পাদক সমীর চাকমা।

দীঘিনালা থানা শাখার সভাপতি মৃণাল কান্তি চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিজেএসএস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুভাষ কান্তি চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিজেএসএস কেন্দ্রীয় কমিটির যুববিষয়ক সম্পাদক প্রশান্ত চাকমা, খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি শোভা কুমার চাকমা, বোয়ালখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, ইউপিডিএফ (গণতান্ত্রিক) দীঘিনালা থানা শাখার সভাপতি রিপন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) দীঘিনালা থানা শাখার সভাপতি সুমন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির দীঘিনালা থানা শাখার সাধারণ সম্পাদক রয়েল চাকমা, মহিলা সমিতির দীঘিনালা থানা শাখার সভানেত্রী সোনালী চাকমা এবং দীঘিনালা হেডম্যান অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ত্রিদীপ রায় পোমাং।

স্মরণসভায় বক্তারা বলেন, ১৯৮৩ সালের ১০ নভেম্বর মানবেন্দ্র নারায়ণ লারমাকে সশস্ত্র হামলায় হত্যা করা হয়। জুম্ম জনগণের অধিকার আদায়ের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শ ধারণ করে অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে সব জাতিসত্তার মানুষের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু পাহাড়ের মানুষের নেতা ছিলেন না; তিনি দেশের নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষেও কাজ করেছেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছে।