টেকনাফে সেনাসদস্য হত্যা, তিন মামলায় আসামি ৯৫
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনায় হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ৯৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও ৫২ থেকে ৫৯ জন। একই ঘটনায় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে।
গত ৮ নভেম্বর রাতে টেকনাফ মডেল থানায় হত্যা মামলাটি করেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনাজুল ইসলাম। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে। মামলাটির নম্বর ৩৪/৬৯৬।
অন্যদিকে, টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার বাদী হয়ে মানবপাচার ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেন। মানবপাচার মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। অস্ত্র মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৬ থেকে ১৭ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, যৌথ বাহিনীর অভিযানের সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়। পরে তাঁদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। এ সময় দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালিয়ে ছয় রাউন্ড গুলি, গুলির খোসা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর বিকেল পাঁচটার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে, ওই পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালিকে জিম্মি করে রেখেছে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল। পরে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা অতর্কিত গুলি চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় সেনাসদস্য তিতাস শেখের বাম কাঁধে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ৫ নভেম্বর রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের সময় সশস্ত্র গোষ্ঠীর গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহত হন।
ওসি আরও বলেন, এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে তিনটি মামলা করা হয়েছে। অভিযানের সময় আটক ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাঁদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
কক্সবাজার সব খবর















