Cvoice24.com

লোহাগাড়ায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

লোহাগাড়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:৫০, ৯ নভেম্বর ২০২৬
লোহাগাড়ায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় শামসুল আলম (৬২) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন।

সোমবার (৯ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম লোহাগাড়া উপজেলার শাহ সাহেব গেট এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল আলম শাহ সাহেব গেট এলাকা থেকে বাইসাইকেল চালিয়ে একটি নার্সারিতে যাচ্ছিলেন। পথে চুনতি ডাকবাংলো এলাকায় পৌঁছালে পেছন থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের পাশে রেখে চালক পালিয়ে যান বলে জানান স্থানীয়রা।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর