খাগড়াছড়িতে বিদ্যালয়ের পাশে বজ্রপাত, শিক্ষিকাসহ আহত ১৭
রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে আতঙ্কিত হয়ে ১৬ শিক্ষার্থী ও এক সহকারী শিক্ষিকা আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শ্রেণিকক্ষের পাশের একটি গাছে বজ্রপাত হয়। এতে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় চতুর্থ শ্রেণির সহকারী শিক্ষিকা শাহানা আফরোজসহ ১৬ শিক্ষার্থী আহত হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন জানান, ক্লাস চলাকালে হঠাৎ বজ্রপাতের শব্দে পুরো বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে চতুর্থ শ্রেণির পাশেই বজ্রপাত হওয়ায় ওই শ্রেণির শিক্ষিকা ও শিক্ষার্থীরা বেশি আক্রান্ত হন। তাঁদের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে বজ্রপাতের জলকানি লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অন্ত বড়ুয়া জানান, বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন শিক্ষার্থী ও শিক্ষিকা। কারও কারও শরীরের বিভিন্ন অংশ সাময়িক অবশ হয়ে যায়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চিকিৎসক আরও জানান, আহতদের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক। তাই সবাইকে বাড়ি পাঠিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পাহাড় সব খবর















