টেকনাফে সাগরপথে অনুপ্রবেশ, নারী-শিশুসহ ৩৮ রোহিঙ্গা আটক
কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমার থেকে মাছ ধরার নৌকায় করে সাগরপথে বাংলাদেশে ঢোকার পর নারী ও শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ নভেম্বর) ভোরে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিব ছড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন নারী, ৮ জন পুরুষ ও ১৬ জন শিশু।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার ফরিদ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার নৌকায় অর্থের বিনিময়ে তাঁদের বাংলাদেশে নিয়ে আসা হয়। পরে হাবিব ছড়া এলাকার ফাতেমা খাতুনের বাড়িতে তাঁদের আশ্রয় দেওয়া হলে খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে আটক করে।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য রশিদ মিয়া বলেন, অর্থের বিনিময়ে একটি নৌকায় করে ৩৮ জন রোহিঙ্গাকে বাংলাদেশে আনা হয়েছে বলে জানা গেছে। পরে বিজিবি তাঁদের আটক করে।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সাগরপথে অনুপ্রবেশের সময় ৩৮ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কক্সবাজার সব খবর















