পুলিশ বলছে, ‘পুরোনো’
চট্টগ্রামে আগুন-বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে আতঙ্ক
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামে রাতের আঁধারে বাসে আগুন, সড়কে বিস্ফোরণ— এমন দৃশ্যের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বরের সর্বাত্মক ধর্মঘটের আগে এসব ভিডিও ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পুলিশ বলছে, বাসে আগুনের ভিডিওগুলো ‘পুরোনো’। আর ককটেল বিস্ফোরণ বলে প্রচারিত দৃশ্যটি আসলে ‘পটকা’ ফাটানোর ঘটনা।
রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে নগরের কালুরঘাট, নিমতলা ও নিউমার্কেট এলাকায় এসব ঘটনা ঘটেছে বলে ভিডিওগুলোর সঙ্গে দাবি করা হচ্ছে।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কালুরঘাট এলাকায় সড়কের পাশে রাখা একটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে নগরের ব্যস্ততম নিউমার্কেট মোড়ে সড়কের ওপর কিছু ছুড়ে মারার পর বিস্ফোরণ ও ধোঁয়া উড়তে দেখা গেছে। বন্দর থানার অদূরে নিমতলা এলাকায় আরেকটি বাসে আগুন দেওয়ার ভিডিওও ছড়িয়েছে।
এ ছাড়া নগরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেওয়া এবং ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণের দৃশ্যও বিভিন্ন ভিডিওতে দেখা গেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ওমর গনি এমইএস কলেজের প্রধান ফটক ও রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাইস্কুলের ফটকে তালা দেওয়ার একাধিক ভিডিও প্রকাশ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পাশাপাশি বিভিন্ন ব্যক্তির কাছে খুদে বার্তা পাঠিয়ে কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে। একই দিনে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আরেক নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এসব কর্মসূচির আগে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বাসে আগুন ও বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়ায় নগরজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
নিউমার্কেট এলাকার এক প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকটি ভবনের ওপর থেকে সড়কে কিছু ছুড়ে মারা হলে তা বিস্ফোরিত হয় এবং ধোঁয়া উড়তে দেখা যায়। প্রথম দেখায় তার কাছে ঘটনাটি ককটেল বিস্ফোরণ বলে মনে হয়েছিল। এ সময় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসব ঘটনা ও কর্মসূচি ঘিরে নগরজুড়ে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ সিভয়েস২৪’কে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পুলিশের নজরদারিতে রয়েছে। এসব কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে এবং উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি চেকপোস্ট ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘আগামীকাল সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে তাদের প্রতিরোধ করা হবে।’
আমিনুর রশিদ আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেগুলোকে ককটেল বলা হচ্ছে, সেগুলো আসলে ককটেল নয়, পটকা। আর গাড়িতে আগুনের যে ভিডিও ছড়ানো হচ্ছে, সেগুলো অন্য জায়গার বা আগের ঘটনার বলেও দাবি করেন তিনি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













