সময় চেয়েছে মালিকপক্ষ
ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব শ্রমিকপক্ষের
সিভয়েস২৪ ডেস্ক
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। অন্যদিকে, এই প্রস্তাব পর্যালোচনা করে নিজেদের অবস্থান জানাতে চার কার্যদিবস সময় চেয়েছে মালিকপক্ষ।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ‘শাহ পরশিয়া’ ভবনে অবস্থিত নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব জমা দেন।
সভা শেষে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আক্তার বলেন, দেশের বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে পোশাকশ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের জন্য চারটি গ্রেডে মাসিক মজুরি ৩২ হাজার থেকে ৪৮ হাজার টাকা এবং কর্মচারীদের জন্য চারটি গ্রেডে ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
এদিকে, শ্রমিকপক্ষের প্রস্তাবের বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত বা মতামত জানায়নি মালিকপক্ষ। প্রস্তাবটি পর্যালোচনা, নিজেদের মধ্যে আলোচনা এবং হিসাব-নিকাশের জন্য মজুরি বোর্ডের কাছে চার কার্যদিবস সময় চেয়েছেন বিজিএমইএ ও অন্যান্য মালিক প্রতিনিধিরা।
সভায় সভাপতিত্ব করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এতে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের (বিজেএসডি) সভাপতি আনোয়ার হোসেন এবং বিজিএমইএ পরিচালক এ বি এম সামছুদ্দিন উপস্থিত ছিলেন।
বোর্ডের পরবর্তী সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
তবে শ্রমিকপক্ষের দেওয়া প্রস্তাবই চূড়ান্ত মজুরি কাঠামো নয়। মালিকপক্ষের প্রস্তাব ও সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে নিম্নতম মজুরি বোর্ড নতুন মজুরি নির্ধারণের বিষয়ে সুপারিশ করবে।
অর্থ-বাণিজ্য সব খবর














