আগ্রাবাদে দুই ট্রাক পাহাড়ি সেগুন কাঠ জব্দ, আটক ৫
সিভয়েস২৪ প্রতিবেদক
নগরের আগ্রাবাদে দুই ট্রাক থেকে ১৭০ ঘনফুট অবৈধ পাহাড়ি সেগুন কাঠ জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে নগরের ডবলমুরিং থানার বারেক বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বারেক বিল্ডিং এলাকায় সন্দেহজনক দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১৭০ ঘনফুট অবৈধ পাহাড়ি সেগুন কাঠ উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়।
তিনি জানান, জব্দ করা কাঠ ও দুটি ট্রাকসহ আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













