খাগড়াছড়িতে ভোররাতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন, তদন্তে পুলিশ
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়া এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির আসনসহ ভেতরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাসটির ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। এ সময় হঠাৎ বাসে আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, বাসটির ভেতরে চালক ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পাহাড় সব খবর















