Cvoice24.com

স্থানীয়দের সন্দেহে ধরা পড়ল গাঁজাভর্তি প্রাইভেটকার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১১:৫০, ১ নভেম্বর ২০২৬
স্থানীয়দের সন্দেহে ধরা পড়ল গাঁজাভর্তি প্রাইভেটকার

খাগড়াছড়ির রামগড়-জালিয়াপাড়া সড়কের নাকাপা এলাকায় একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সৈয়দ মোহাম্মদ খালেদ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় নাকাপা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খালেদ খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর এলাকার মো. হুমায়ুন কবির ও সালমা বেগমের ছেলে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রামগড়গামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে জালিয়াপাড়া সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি হাফছড়ি পুলিশ ফাঁড়িকে জানান। খবর পেয়ে পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে নাকাপা বাজার এলাকায় সেটি আটক করতে সক্ষম হয়।

এ সময় উত্তেজিত জনতা প্রাইভেটকারটির সামনের গ্লাস ভাঙচুর করে। পরে পুলিশ গাড়ির চালককে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ির ভেতরে থাকা দুটি বস্তা থেকে ৮০টি প্যাকেটে মোড়ানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-খ-১১-৭২০৯।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।